খোলামেলা পোশাক পরতে চান না রাশমিকা, দেখাতে চান না শরীরও

রাশমিকা মান্দানা
চলচ্চিত্র জগতে শরীর প্রদর্শন, বিকিনি লুক কিংবা অন্তরঙ্গ দৃশ্য করা নিয়ে বরাবরই নানা বিতর্ক ও কৌতূহল থাকে। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ সিজন ৯’-এ অতিথি হিসেবে এসে এ বিষয়ে একদম খোলামেলা আলোচনা করলেন দক্ষিণী তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা।
শো-তে রাশমিকা সাফ জানিয়ে দিয়েছেন যে, বাণিজ্যিক সিনেমার চাহিদা থাকলেও অতিরিক্ত শরীর প্রদর্শন বা খোলামেলা পোশাকে তিনি মোটেও স্বাচ্ছন্দ নন।
শো চলাকালীন রাশমিকা বলেছেন, বাণিজ্যিক সিনেমার ফর্মুলার কারণে অনেক সময় এমন কিছু পোশাক পরতে হয় যা অভিনেতা হিসেবে সবসময় নিজের পছন্দ নয়। কিন্তু তার মানে এই নয় যে নিজের কমফোর্ট জোন বিসর্জন দিতে হবে।
রাশমিকার স্পষ্ট কথা, ‘কিছু চরিত্রের হয়তো বিকিনি বা শরীর প্রদর্শনের চাহিদা থাকতে পারে; কিন্তু আমি স্পষ্ট বলে দিই যে আমি ওই ধরনের মানুষ নই। আমি নিজের জন্য কিছু গণ্ডি বা রেখা টেনে দিই এবং আমি এমন পরিচালকদের সঙ্গেই কাজ করতে পছন্দ করি যারা সেই সীমানাকে সম্মান করেন।’
স্বামী বিজয়ের সঙ্গে এই শোতে এসে রাশমিকা আরও জানান, শুটিং সেটে অনেক সময় পরিচালক বা নির্মাতাদের চোখের দিকে তাকিয়ে ‘না’ বলাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়।
এ প্রসঙ্গে মুখ খুলে বিজয় দেবারকোন্ডা জানান, ছবির চুক্তি সই করার পর অভিনেতাদের মনে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা হয়। কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে, ‘আপনি তো পেশাদার অভিনেত্রী, তবে এ দৃশ্যে সমস্যা কোথায়?’
বিজয়ের মতে, কোনো দৃশ্য বা পোশাকে অভিনেতা অস্বস্তিকর বোধ করলে তাকে ‘অপেশাদার’ তকমা না দিয়ে সেই অস্বস্তি প্রকাশ করার স্বাধীন পরিবেশ বা একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম থাকা উচিত।
রাশমিকাও স্বীকার করেছেন যে, অনেক সময় এমন পরিস্থিতিতে তিনি অভিনেতা স্বামী বিজয়ের কাছ থেকেই মানসিক ভরসা ও সাহস পেয়ে থাকেন।




