সিনেমার পর এবার ব্যবসায় নেমে বাজিমাত সামান্থার

সামান্থা রুথ প্রভু
বর্তমানে তারকারা শুধু অভিনয়েই নিজেদের সীমাবদ্ধ রাখেননি, বরং সফল উদ্যোক্তা হিসেবে বিভিন্ন ব্যবসায়িক খাতেও দারুণ সাফল্য অর্জন করছেন। এবার ব্যবসায়িক জগতেও বড়সড় সাফল্য পেলেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তার পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ আর্থিক সাফল্যের এক নতুন নজির গড়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে গড়ে তোলা এ সুগন্ধি ব্র্যান্ডটির আয় মাত্র আট মাসের ব্যবধানে ৮ গুণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্র্যান্ডটির মোট আয় ছাড়িয়ে গেছে ১২০ কোটি রুপি।
পারফিউম ব্যবসার পাশাপাশি সম্প্রতি বক্স অফিসেও দারুণ সাফল্য পেয়েছে সামান্থার নতুন সিনেমা ‘মা ইন্টি বাঙ্গারাম’, যা ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। একসঙ্গে অভিনয় ও ব্যবসা, উভয় ক্ষেত্রেই এমন সাফল্যে উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
অনুভূতি প্রকাশ করে তিনি জানান, শূন্য থেকে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা এবং হৃদয়ের কাছের একটি প্রজেক্টকে এমন মাইলফলকে পৌঁছাতে দেখা সত্যিই ভীষণ আনন্দের। মানুষের ভালোবাসা ও আস্থাই তাকে নতুন সীমানা অতিক্রম করতে অনুপ্রাণিত করে।
সুগন্ধি ব্র্যান্ড ছাড়াও আরও বেশ কিছু সফল ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে তিনি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘সাকি’ প্রতিষ্ঠা করেন।
এ ছাড়াও অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’ এবং পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’-রও সহ-প্রতিষ্ঠাতা হিসেবে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন এ তারকা।




