সাধারণ দর্শকের মতোই টিকিট কেটে সিনেমা দেখেছেন প্রধানমন্ত্রী

পপকর্ন কিনছেন তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়ে জাইমা রহমানকে নিয়ে প্রেক্ষাগ্রহে ছবি দেখেছেন। গতকাল গুলশানের বাসা থেকে রাজধানীর ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’-এ সিনেমা দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামাজিক মাধ্যমে প্রথমে ছড়িয়ে পড়ে, দেশীয়ভাবে নির্মিত একটি চলচ্চিত্র দেখেছেন প্রধানমন্ত্রী। পরে জানা যায়, সে তথ্য সঠিক নয়। স্টার সিনেপ্লেক্সের একটি সূত্র জানায়, এদিন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর বেশকিছু টিকিট সংগ্রহ করা হয়। আর সে থেকেই ছড়িয়ে পড়ে- ‘বনলতা এক্সপ্রেস’ দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও কন্যা জাইমা রহমান।
কন্যাকে নিয়ে তারেক রহমান এদিন দেখেছেন হলিউডের সায়েন্স ফিকশন ঘরানার সিনেমা ‘প্রোজেক্ট হেইল মেরি।’ এদিন তিনি সাধারণ দর্শকের মতোই সিনেপ্লেক্সে গিয়ে পছন্দের সিনেমা উপভোগ করেছেন।
স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ বলছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একেবারে সাধারণ দর্শকদের মতো প্রটোকল ছাড়াই সিনেমা দেখেছেন। এদিন তিনি সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভারে আসেন। সাধারণ দর্শকের মতো কাউন্টার থেকে টিকিট কাটেন। এরপরে গিয়ে পপকর্ন কেনেন। পরে অন্যান্য দর্শকদের সঙ্গেই মেয়েকে সঙ্গে নিয়ে সিনেমা উপভোগ করেন।’
সিনেমা দেখা বের হওয়ার সময় প্রধানমন্ত্রীকে সাংবাদিকেরা প্রশ্ন করেন, ‘সিনেমা কেমন ছিল?’ হাস্যোজ্জ্বল মুখে প্রধানমন্ত্রী উত্তর দেন, ‘ভালো ছিল, দেখতে পারেন সবাই।’

