শাশুড়ির সঙ্গে সংক্ষিপ্ত পোশাকে ছবি তোলায় কটাক্ষের মুখে অভিনেত্রী

ডোনা ভৌমিক
তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের আগ্রহ সব সময় থাকে তুঙ্গে। তাই যেকোনো বিষয় নিয়েই সবসময় তারা থাকেন চর্চায়।
তারকাদের দৈনন্দিন জীবনের সমস্ত আপডেট পাওয়া যায় সামাজিক মাধ্যমের বরাতে। তারা কোথায় যাচ্ছে, কী খাচ্ছে কিংবা কী পরছে তার সব খবর দর্শকরা পেয়ে যান মুহূর্তে। এরপর তা নিয়েই চলে চর্চা।
এবার সেই চর্চায় পড়লেন টেলিভিশনের জনপ্রিয় মুখ ‘টুম্পা অটোওয়ালি’, ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ মুখ্য চরিত্রের অভিনেত্রী ডোনা ভৌমিক।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছিলেন ডোনা। যেখানে মা-বাবার পাশাপাশি ছিলেন তার হবু শাশুড়িও। সকলের মাঝে হাঁটুর উপর পোশাক পরার জন্য নানা কটূক্তির সম্মুখীন হতে হয় অভিনেত্রীকে। ছবির কমেন্ট সেকশন রীতিমতো উপচে পড়তে থাকে নেগেটিভ কমেন্টে।
কেউ লিখেছেন, ‘সত্যি বলতে আপনার ড্রেসটা অত্যন্ত হাস্যকর। ড্রেসিং সেন্সের অভাব থাকলে যা হয় আর কী?’ কারও মতে আবার, ‘হবু শাশুড়ি ও পরিবারের সামনে এমন ধরনের পোশাক পরতে আপনার এতটুকুও লজ্জা করল না?’ তবে এ বার ট্রোলারদের মন্তব্যে আর চুপ করে থাকেননি ডোনা। পরিবারের সাপোর্টের কথা উল্লেখ করে দিয়েছেন কড়া জবাব।
ডোনা জানান, নিজের মা-বাবা কিংবা হবু শাশুড়ি—সবার কাছেই তিনি ছোট মেয়ের মতো। নিজের কমফোর্ট জোনে থাকলে কোনো নির্দিষ্ট পোশাকের নিয়ম মেনে চলার দরকার পড়ে না, তাই তিনি শাড়ি-ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি ওয়েস্টার্নও পরেন। এমন পরিবার পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন, কারণ তারা কখনো পোশাক দেখে কাউকে বিচার করে না।
কমেন্ট সেকশনের বাজে মন্তব্য দেখে তিনি আরও যোগ করেন, সবার ভাগ্যে এমন মানসিকতার পরিবার জোটে না। আর কটূক্তিকারীদের উদ্দেশে খোঁচা দিয়ে বলেছেন, তারা আসলেই একেকজন চমৎকার মানুষ!







