আগামীর সময়

‘জীবনে কখনো প্রথম হতে পারিনি’

‘জীবনে কখনো প্রথম হতে পারিনি’

বর্ণিতা

‘লাক্স সুপারস্টার ২০২৫’–এর বিজয়ী হয়েছেন বিদুষী বর্ণিতা। রাজশাহীর এই তরুণী ট্রফি হাতে নেওয়ার পরপরই আবেগাপ্লুত, বললেন, ‘আমার পা কাঁপছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। দর্শকের ভালোবাসায় এই জায়গায় এসেছি। সবার প্রতি কৃতজ্ঞতা।’

গতকাল শুক্রবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনে ‘লাক্স সুপারস্টার ২০২৫’-এর মুকুট ওঠে তার মাথায়।

তাৎক্ষণিকভাবে বর্ণিতা প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবেই, ‘আমি সব সময় পড়ালেখায় ভালো ফল করার চেষ্টা করেছি। কিন্তু জীবনে কখনো প্রথম হতে পারিনি। সব সময় দ্বিতীয় বা তৃতীয় হয়েছি। সব সময়ই মনে হতো, কোথাও না কোথাও প্রথম হতে চাই। আজ সত্যিই আমি এই মঞ্চে প্রথম হতে পেরেছি।’

জয়ের উচ্ছ্বাসের মাঝেও বর্ণিতার চোখে স্পষ্ট দায়িত্ববোধ। তার কাছে এই ট্রফিটা কেবল পুরস্কার নয়, আরও বড় কিছু, তার ভাষ্যে ‘এই ট্রফিট শুধু একটি পুরস্কার নয়, এটা অনেক বড় দায়িত্ব। সবার ভালোবাসা আর সমর্থনেই আমি এখানে এসেছি। সেই ভালোবাসার মর্যাদা রাখতে চাই, সামনে আরও দূর যেতে চাই।’

ট্রফির পাশাপাশি তিনি পাচ্ছেন বিলাসবহুল গাড়ি, শিহাব শাহীনের ওয়েব কনটেন্টে কাজের সুযোগ এবং সবচেয়ে বড় চমক-ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সুযোগ।

বর্ণিতা বললেন, ‘রাফী স্যার শুরু থেকেই আমাদের মেন্টর ছিলেন। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তাঁর সিনেমা বড় পর্দায় দেখেছি দর্শক হিসেবে। এখন তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া আমার জন্য অবিশ্বাস্য। আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।’

চূড়ান্ত পর্বে অংশ নেন পাঁচ প্রতিযোগী। বর্ণিতা ছাড়াও ছিলেন চট্টগ্রামের আমিনা ইসলাম, খুলনার নুসরাত আফরীন ইয়ুমনা, ঢাকার তিস্তা পাল এবং পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা, তার প্রাপ্তি তিন লাখ টাকা।

    শেয়ার করুন: