নিজেকে কখনো বলিউডের সংগীত পরিচালক ভাবিনি: অমিত ত্রিবেদী

অমিত ত্রিবেদী ও শিল্পা রাও
বলিউডের সংগীতজগতে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন সংগীত পরিচালক ও গায়ক অমিত ত্রিবেদী। তবে ক্যারিয়ারের শুরুর দিকে বলিউডের সংগীত পরিচালক হওয়ার কোনো পরিকল্পনাই ছিল না তার। বরং স্বাধীন সংগীত নিয়ে কাজ করতে চেয়েছিলেন তিনি। গায়িকা শিল্পা রাওয়ের উদ্যোগেই নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে পরিচয় হয় তার। সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর দিকের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এ সংগীতশিল্পী।
সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘গেম চেঞ্জার্স: দ্য মিউজিক সিরিজ’-এ বাণিজ্য বিশ্লেষক কমল নাহতার সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন অমিত ত্রিবেদী। বিজ্ঞাপনের জিঙ্গেল তৈরির কাজ থেকে শুরু করে চলচ্চিত্রের সংগীতে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
অমিত জানান, বিজ্ঞাপনের কাজ করার সময় শিল্পা রাওয়ের সঙ্গে তার পরিচয় হয়। বিভিন্ন স্টুডিওতে বিজ্ঞাপনের জন্য গান গাইতেন শিল্পা। তার কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছিলেন অমিত। পরে দুজন মিলে স্বাধীন সংগীত নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। তাদের একসঙ্গে করা প্রথম গান ছিল ‘ঢোল ইয়ারা ঢোল’।
অমিতের পরিকল্পনা ছিল, গানটির মিউজিক ভিডিও তৈরি করে এমটিভি, সনি কিংবা কোনো সংগীত প্রতিষ্ঠানের কাছে নিয়ে যাবেন। কিন্তু শিল্পা রাওয়ের পরিকল্পনা ছিল ভিন্ন। তিনি তাদের গান বিভিন্ন চলচ্চিত্র নির্মাতার কাছে পৌঁছে দিতে শুরু করেন।
এ প্রসঙ্গে অমিত জানান, শিল্পা একদিন তাকে জানান, তাদের গান অনুরাগ কাশ্যপকে শোনানো হয়েছে। এবার তার সঙ্গে দেখা করতে যেতে হবে। বিষয়টি শুনে অবাক হয়ে যান অমিত। কারণ, চলচ্চিত্রের সংগীতে কাজ করার কোনো পরিকল্পনা তার ছিল না।
অমিত বলেছেন, ‘আমি চলচ্চিত্র ও চলচ্চিত্রের গান উপভোগ করতাম। কিন্তু নিজেকে কখনো সংগীত পরিচালক হিসেবে দেখিনি। আমি আমার পরিকল্পনা অনুযায়ী স্বাধীন সংগীত নিয়েই কাজ করতে চেয়েছিলাম। কারণ, চলচ্চিত্রশিল্প সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি অন্তর্মুখী ছিলাম, আর চলচ্চিত্রের জগৎ আমার কাছে বেশ ভীতিকর মনে হতো।’
তবে শেষ পর্যন্ত শিল্পার উদ্যোগেই অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা করতে যান অমিত। মুম্বাইয়ের বান্দ্রায় তাদের সেই সাক্ষাৎ হয়। নির্মাতার সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা জানাতে গিয়ে অমিত বলেন, অনুরাগ তার মনের ভয় ও দ্বিধা অনেকটাই দূর করে দিয়েছিলেন।
অমিতের কথায়, ‘আমি অনুরাগ স্যারের সঙ্গে দেখা করতে বান্দ্রায় গিয়েছিলাম। তিনি অসাধারণ ছিলেন। আমার মনের সব চিন্তা ও ভয় দূর করে দিয়েছিলেন।’
পরবর্তী সময়ে অনুরাগ কাশ্যপের চলচ্চিত্র ‘দেব ডি’-এর সংগীত নিয়ে কাজ করেন অমিত ত্রিবেদী। ছবিটির সংগীত তাকে বলিউডে পরিচিতি এনে দেয়। এরপর বিভিন্ন ধরনের চলচ্চিত্রে সংগীত পরিচালনার মাধ্যমে নিজের অবস্থান আরও শক্ত করেন তিনি।
স্বাধীন সংগীত নিয়ে কাজ করার স্বপ্ন থেকে বলিউডের অন্যতম পরিচিত সংগীত পরিচালকদের একজন হয়ে ওঠার এই যাত্রায় শিল্পা রাও ও অনুরাগ কাশ্যপের অবদান গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন অমিত ত্রিবেদী।
সূত্র- ডিএনএ ইন্ডিয়া





