‘রেহমান ডাকাত’ নিয়ে আক্ষেপ জানাল নাগার্জুন

সংগৃহীত ছবি
বক্স অফিসে ঝড় তোলা ধুরন্ধর নিয়ে আলোচনা থামছেই না। আদিত্য ধর পরিচালিত ও রণবীর সিং অভিনীত এই ছবি বিশ্বব্যাপী ১১০০ কোটি টাকার ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে। ছবির অন্যতম আলোচিত চরিত্র ‘রহমান ডাকাত’, যেখানে অভিনয় করেছেন অক্ষয় খান্না।
গুঞ্জন ছিল, এই চরিত্রটির প্রস্তাব নাকি প্রথমে গিয়েছিল দক্ষিণী সুপারস্টার নাগার্জুন এর কাছে। তবে সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই খবরকে পুরোপুরি ‘ভুল’ বলে দাবি করেন। নাগার্জুন বলেন, ‘এমন কোনো অফারই আমার কাছে আসেনি। তবে ভাবলে মনে হয়, ইস! যদি সত্যিই আসত!’
ছবিটির প্রশংসা করে তিনি জানান, ‘ধুরন্ধর’ অসাধারণ কাজ। আদিত্য ধরের পরিচালনা তার খুবই ভালো লেগেছে। এর আগে পরিচালকের 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ও প্রশংসা কুড়িয়েছিল। পাশাপাশি অক্ষয় খান্নার অভিনয়ের ভূয়সী প্রশংসা করে নাগার্জুন বলেন, তিনি ছবির সম্ভাব্য সিক্যুয়েলের অপেক্ষায় আছেন।
যদিও নাগার্জুন অফারের কথা অস্বীকার করেছেন, নেটিজেনদের একাংশের ধারণা রজনীকান্ত অভিনীত কুলি ছবির ব্যস্ততার কারণেই হয়তো তিনি প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই।
বর্তমানে নিজের ক্যারিয়ারের ১০০তম ছবি নিয়ে ব্যস্ত নাগার্জুন। তিনি জানান, ‘ধুরন্ধর’ এর সাফল্য প্রমাণ করেছে যে দর্শক এখন আন্তর্জাতিক মানের গল্প ও নির্মাণ চান। তাই নতুন প্রকল্পে তিনি তাড়াহুড়ো না করে বিশেষ পরিকল্পনায় এগোচ্ছেন। প্রসঙ্গত, তাকে শেষবার বলিউডে দেখা গিয়েছিল ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ ছবিতে।

