বিজয়কে নিয়ে ফাতিমা বললেন ‘আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু’
বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কথা বলেছেন। বিজয়ের অভিনয় প্রতিভার প্রশংসার পাশাপাশি তার ‘ইমোশনাল ইন্টেলিজেন্স’ বা আবেগীয় বুদ্ধিমত্তারও বিশেষ প্রশংসা করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাতিমা বললেন, বিজয় অসাধারণ একজন মানুষ এবং দুর্দান্ত অভিনেতা। তার মতে, বিজয়ের ইমোশনাল কোশেন্ট বা আবেগীয় বুদ্ধিমত্তা খুবই বেশি। অভিনেতার বুদ্ধিমত্তার চেয়েও এই গুণটিই তাকে বেশি মুগ্ধ করে বলে জানান ফাতিমা।
বিজয়ের পাশাপাশি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গেও তার ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে বলে জানান ফাতিমা। তারা নিয়মিত যোগাযোগ রাখেন, নিজেদের ভাবনা ভাগাভাগি করেন এবং আবেগের জায়গা থেকেও একে অন্যের ওপর নির্ভর করেন। জানালেন, তাদের তিনজনের সম্পর্ক খুব সুন্দর এবং তারা ‘খুব ঘনিষ্ঠ বন্ধু’।
ফাতিমা ও বিজয়ের বন্ধুত্বের শুরু ‘গুস্তাখ ইশক’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়। শুটিংয়ের শুরুতেই দুজনের মধ্যে সহজ বন্ধুত্ব তৈরি হয়। পরে তারা বুঝতে পারেন, তাদের রসবোধও অনেকটা একই ধরনের।
তবে এই ঘনিষ্ঠতা শুটিংয়ের সময় কখনো কখনো সমস্যাও তৈরি করেছিল। সিনেমায় তাদের চরিত্রগুলোর মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখার প্রয়োজন ছিল। কিন্তু বাস্তবে ভালো বন্ধুত্বের কারণে তারা সেটে অনেক বেশি স্বচ্ছন্দ থাকতেন, হাসি-ঠাট্টাও করতেন। ফলে পরিচালক বিভু পুরিকে মাঝে মাঝে তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ন্ত্রণ করতে বলতে হয়েছিল।
তবু পর্দার বাইরের এই বন্ধুত্ব তাদের কাজের সম্পর্ককে আরও সহজ করেছে। সিনেমার শুটিং শেষ হওয়ার পরও ফাতিমা ও বিজয়ের বন্ধুত্ব বজায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র-ফিল্মফেয়ার




