স্বর্ণমন্দিরে গিয়ে আবেগে কেঁদে ফেললেন সারা আলি খান

অমৃতসরের স্বর্ণমন্দিরে সারা আলি খান
আসন্ন সিনেমা ‘উড়তা তীর’ নিয়ে এখন চর্চায় রয়েছেন সারা আলি খান ও আয়ুষ্মান খুরানার জুটি। বিজয়া দশমীর দিনে অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে আশীর্বাদ নেন এ দুই তারকা।
সাদা ঐতিহ্যবাহী পোশাকে দুজনকে একসঙ্গে দেখা গেলেও, বর্তমানে সামাজিক মাধ্যমের আলোচনার কেন্দ্রে রয়েছে মন্দিরে প্রার্থনা করার সময় সারার আবেগপ্রবণ হয়ে পড়ার একটি ভিডিও।
সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো ওই ভাইরাল ক্লিপটিতে দেখা যাচ্ছে, স্বর্ণমন্দিরের দরবার সাহিবে প্রার্থনা করার সময় হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়েন সারা।
হাত জোড় করে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার গাল বেয়ে চোখের পানি গড়িয়ে পড়তে দেখা যায়, যা দেখে অনুরাগীরাও বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
এর আগে ইনস্টাগ্রামে আয়ুষ্মানের সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করে দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী।
আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে বহু প্রতীক্ষিত এ সিনেমাটি। ‘পতি পত্নী ওর ওহ দো’-এরপর এটি আয়ুষ্মান ও সারার দ্বিতীয় প্রজেক্ট।
তবে বড় পর্দায় আসার আগেই ধাক্কা খেয়েছে সিনেমাটি। নেপালের সেন্সর বোর্ড এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দেশের সিনেমা আইন লঙ্ঘন করার কারণে নেপালে এ সিনেমাটির পাবলিক স্ক্রিনিং বা প্রদর্শনের অনুমতি দেওয়া হবে না।
করণ জোহর ও গুনীত মোঙ্গার যৌথ প্রযোজনায় এবং আকাশ এ কৌশিকের পরিচালনায় তৈরি এ সিনেমা নিয়ে একদিকে যেমন দর্শকের উন্মাদনা তুঙ্গে, অন্যদিকে নেপালের এই নিষেধাজ্ঞার খবর বলিপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে।




