বিশ্বকাপ ঘিরে ঢাবিতে কড়াকড়ি, জরুরি নির্দেশনা

গ্রাফিকস: আগামীর সময়
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বহিরাগতদের প্রবেশ ও যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বিষয়ে আজ বুধবার একটি জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে আজ বুধবার (২৪ জুন) থেকে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো—শাহবাগ, দোয়েল চত্বর, বাণী ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা সংশ্লিষ্ট যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার ও রোগী পরিবহন), সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিং বাহন এবং অন্যান্য সরকারি গাড়ি প্রবেশ করতে পারবে।
এসব যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই সবসময় নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির আলোকে এ সিদ্ধান্ত সময় সময় পুনর্মূল্যায়ন করা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন আগামীর সময়কে বলেছেন, ‘বহিরাগতদের সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়নি। তবে নিরাপত্তার স্বার্থে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। বিশেষ করে খেলার সুযোগ নিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেউ ক্যাম্পাসে প্রবেশ করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটাতে পারে, সে বিষয়টি বিবেচনায় রেখে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’





