ডিবিএইচ ফাইন্যান্সের ৯ মাসে ইপিএস বেড়েছে

লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্সের চলতি ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৮ শতাংশ বেড়েছে। তবে বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির ইপিএস কমেছে ২৩ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির চলতি বছরের প্রথম ৯ মাসে ইপিএস হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৩ টাকা ৬৭ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ইপিএস ৩১ পয়সা বা প্রায় ৮ শতাংশ বেড়েছে।
তবে তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমে ১ টাকা ২৪ পয়সায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে এ ইপিএস ছিল ১ টাকা ৬০ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে তৃতীয় প্রান্তিকে ইপিএস ৩৬ পয়সা বা সাড়ে ২২ শতাংশ কমেছে।
কোম্পানিটির মুনাফা বৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে শেয়ারবাজারের পুনরুদ্ধার। ২০২৬ সালে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোয় বিনিয়োগের বিপরীতে আগে রাখা প্রায় ৫ কোটি ৫০ লাখ টাকার মূল্যহ্রাসজনিত সঞ্চিতি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি, আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ ও অগ্রিমের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন কমে যাওয়ায় মুনাফা বেড়েছে।
অন্যদিকে, আমানতের পরিমাণ কমে যাওয়ায় এ সময়ে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ কমেছে। তবে কোম্পানিটি জানিয়েছে, নগদ প্রবাহ কমলেও তাদের তারল্য পরিস্থিতি শক্তিশালী রয়েছে এবং তহবিল ব্যবস্থাপনাও কার্যকর রয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৫২ টাকা ৩ পয়সা।



