উত্তর ফাইন্যান্সের সম্পত্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত

সংগৃহীত ছবি
নিজস্ব মালিকানাধীন জমি ও ফ্ল্যাটের বর্তমান বাজারমূল্য নির্ধারণের উদ্যোগ নিয়েছে শেয়ারবাজারে অর্থিক খাতে তালিকাভুক্ত কোম্পানি উত্তর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড কর্তৃপক্ষ। কোম্পানিটির মালিকানাধীন পাঁচটি সম্পত্তির পুনর্মূল্যায়ন করা হবে। এসব সম্পত্তির সর্বশেষ হিসাবমূল্য ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা। অধিগ্রহণের পর থেকে সম্পত্তিগুলোর আনুষ্ঠানিক মূল্যায়ন করা হয়নি।
আজ বুধবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
কোম্পানিটি জানিয়েছে, বিভিন্ন স্থানে থাকা তাদের পাঁচটি সম্পত্তির বর্তমান বাজারমূল্য নির্ধারণে পেশাদার মূল্যায়নকারী প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত যোগ্য ও স্বনামধন্য মূল্যায়নকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্য মতে, ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত কোম্পানিটির মালিকানাধীন এসব সম্পত্তির সম্মিলিত হিসাবমূল্য ২০ কোটি ১৭ লাখ ৬৬ হাজার ১৪৭ টাকা। সম্পত্তিগুলো অধিগ্রহণের পর থেকে এ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মূল্যায়ন করা হয়নি। ফলে বর্তমান বাজারে এসব সম্পত্তির প্রকৃত মূল্য কত, তা নির্ধারণে নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
কোম্পানিটি আরও জানিয়েছে, মূল্যায়ন কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন সংগ্রহ করা হবে। এরপর প্রযোজ্য আইন ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজন হলে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ও স্টক এক্সচেঞ্জে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করবে কোম্পানিটি।
বাজার বিশ্লেষকদের দৃষ্টিতে, দীর্ঘদিন মূল্যায়ন না হওয়া স্থায়ী সম্পদের বর্তমান বাজারমূল্য নির্ধারণের মাধ্যমে কোম্পানির সম্পদের প্রকৃত মূল্য সম্পর্কে হালনাগাদ ধারণা পাওয়া সম্ভব। তবে পুনর্মূল্যায়নের ফলে সম্পদের মূল্য কতটা বাড়বে বা কমবে, তা মূল্যায়ন প্রতিবেদন প্রকাশের পরই স্পষ্ট হবে।



