ডিবিএইচ ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৯ শতাংশ

সংগৃহীত ছবি
চলতি বছরের প্রথম নয় মাসে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির কর-পরবর্তী নিট মুনাফা ৯ শতাংশ বেড়েছে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়ে প্রতিষ্ঠানটি ৮০ কোটি ৭৬ লাখ টাকা নিট মুনাফা করেছে। আগের বছরের একই সময়ে এ মুনাফার পরিমাণ ছিল ৭৪ কোটি ৩৮ লাখ টাকা।
প্রতিষ্ঠানটির প্রকাশিত আর্থিক ফলাফল অনুযায়ী, এ সময়ে শেয়ারপ্রতি আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৯৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ টাকা ৬৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫২ টাকা ৩ পয়সা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ পরিমাণ ছিল ৪৯ টাকা ৫৫ পয়সা।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন জানিয়েছেন, পরিচালনগত দক্ষতা, দায়িত্বশীল আর্থিক ব্যবস্থাপনা, বিচক্ষণ ঝুঁকি নিয়ন্ত্রণ ও গ্রাহককেন্দ্রিক সেবার কারণে এ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রতিকূল বাজার পরিস্থিতিতেও টেকসই প্রবৃদ্ধি ধরে রাখা এবং আরও বেশি মানুষের বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণে সহায়তা করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
তিন দশক ধরে দেশে গৃহঋণ দিয়ে আসছে ডিবিএইচ ফাইন্যান্স। প্রচলিত পদ্ধতির পাশাপাশি প্রতিষ্ঠানটির ইসলামি অর্থায়ন ব্যবস্থার মাধ্যমেও আবাসন ঋণ দেওয়া হয়। এ ছাড়া, মেয়াদি ও মুদারাবা আমানতসহ বিভিন্ন ধরনের আমানত সেবা রয়েছে প্রতিষ্ঠানটির।
দেশজুড়ে ১৯টি শাখার মাধ্যমে সেবা দেওয়া ডিবিএইচ ফাইন্যান্স টানা ২১ বছর সর্বোচ্চ ‘এএএ’ ঋণমান অর্জন করেছে। প্রতিষ্ঠানটির দাবি, প্রতিষ্ঠার পর থেকে খেলাপি ঋণের হার ১ শতাংশের নিচে রয়েছে।



