গতি কমাতেই মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিল বাস, প্রাণ গেল তিন জনের

ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার এক্সপ্রেস লেন। ছবি: আগামীর সময়
ঢাকার ধামরাইয়ে মিনিবাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃতু হয়েছে। আজ শনিবার সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকার এক্সপ্রেস লেনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে ও মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা, মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে এইচএসসি পরীক্ষার্থী সুজয় সাহা এবং সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার নকিবুল্লার ছেলে সৈয়দ নাইমুল হক (৩০)।
আবাস ও সুজয় আপন মামাতো-ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, এক্সপ্রেস লেনে বিকল একটি বাসকে দাঁড়িয়ে থাকতে দেখে পেছন থেকে এসে ব্রেক করে একটি প্রাইভেট কার ও কাভার্ডভ্যান। এ সময় কাভার্ডভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেলও তাদের গতি কমিয়ে আনে। এসময় 'স্বাধীনতা পরিবহন'-এর একটি মিনিবাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা আবাস ও সুজয় এবং অপর মোটোরসাইকেলে থাকা নাঈমুল আহত হন। আবাসা ও সুজয়কে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং নাঈমুলকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।
ধামরাই থানার এসআই মো. তারেক জানান, ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে দুর্ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে।
তার ভাষ্য, ঘটনাটি যেহেতু হাইওয়ে পুলিশের এখতিয়ারভুক্ত, তাই বিষয়টি তাদের জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা তারা নেবে।
আর পরীক্ষার টেবিলে বসা হলো না সুজয় সাহা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর। কয়েক মুহূর্তের ব্যবধান, আর তাতেই নিভে গেল দুটি তাজা প্রাণ। ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে একাধিক যানবাহনের একটার পর একটা সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।






