চাঁদপুরে মাদকের ভয়াবহতার বার্তা পূজা মণ্ডপে

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে শুধু আনন্দ-উৎসবে সীমাবদ্ধ না রেখে সামাজিক সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে চাঁদপুর শহরের পুরানবাজারের দাসপাড়া দুর্গাপূজা মণ্ডপ। ‘সবার আগে বাংলাদেশ, মাদকমুক্ত করব দেশ’— প্রতিপাদ্য সামনে রেখে এবারের মণ্ডপে তুলে ধরা হয়েছে মাদকাসক্তির ভয়াবহ পরিণতি এবং মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন।
মণ্ডপের একদিকে চিত্রায়িত হয়েছে মাদকাসক্তির কারণে ব্যক্তি, পরিবার ও সমাজে নেমে আসা ধ্বংসযজ্ঞ। অন্যদিকে মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জীবন গড়ার ইতিবাচক দিকগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ধর্মীয় উৎসবের আবহে এমন ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের মধ্যে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজক ও দর্শনার্থীরা।
প্রায় এক মাসের প্রচেষ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী জয় ঘোষ ও বিনয় ঘোষের সহযোগিতায় মণ্ডপের এই বিষয়বস্তু তুলে ধরা হয়েছে।
দাসপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস বলেছেন, ‘সাত-আট বছর ধরে আমরা বিভিন্ন থিমভিত্তিক ও সমাজসচেতনতামূলক আয়োজন করে আসছি। গত বছর ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ বিষয়টি তুলে ধরা হয়েছিল। এর আগের বছরগুলোয় বৃক্ষরোপণ, পরিবেশদূষণ রোধ ও পাখির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের থিমে স্থান পেয়েছে।’
পুরানবাজারের দাসপাড়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এসে মাদক নির্মূলে সামাজিক সচেতনতার গুরুত্ব তুলে ধরে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক নাজিম জানিয়েছেন, মাদক নির্মূল শুধু পুলিশের অভিযানের মাধ্যমে সম্ভব নয়। এজন্য প্রয়োজন ব্যাপক সামাজিক সচেতনতা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন মণ্ডপে আয়োজকরা থিমভিত্তিক সচেতনতামূলক বার্তা তুলে ধরছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।



