দশমিনায় গণ অধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

সংঘর্ষে আহতদের দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছবি: আগামীর সময়
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সোমবার বিকালে ঘটনাটি ঘটে উপজেলার রণগোপালদি ইউনিয়নের রণগোপালদি ব্রিজ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রণগোপালদি ইউনিয়ন গণ অধিকার পরিষদের সভাপতি মাইদুল ইসলামের অনুসারীদের সঙ্গে সংগঠনটির সাবেক আহ্বায়ক মুছা মাঝির অনুসারীদের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে দুই পক্ষ ধাওয়া-পাল্টাধাওয়া, লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতরা হলেন মিলন মাঝী (৫০), আবুল বাশার (৪০), কবির মাঝী (৪০), মাইদুল ইসলাম (৪০), রেজাউল ইসলাম এবং মারুফ হোসেন (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর এলাকায় কিছু সময় উত্তেজনা বিরাজ করলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক লিয়ার হাওলাদার বলেছেন, ‘এটি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়। উভয় পক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে। পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেছেন, সংঘর্ষের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







