খুলনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, নিহত ১

বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পড়ে যায় পাশের পুকুরে - আগামীর সময়
খুলনার ডুমুরিয়া উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পাশের পুকুরে পড়ে গেছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। এ ছাড়া অন্তত সাত যাত্রী আহত হয়েছেন।
নিহত যুবকের নাম সাইদুর রহমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আছাবুর সরদারের ছেলে।
ডুমুরিয়া থানার এসআই শামীম আগামীর সময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, বাসটি ৮টা ১০ মিনিটে পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে আসছিল। পথে গুটুদিয়া এলাকায় পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে ভাঙাচোরা ইটের সলিংয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে বাসটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান ডুমুরিয়া থানার এসআই শামীম।




