আগামীর সময়

নাটোরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

নাটোরে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০), একই গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) এবং বাবলু হোসেন (৩৫)।

আহতদের মধ্যে রয়েছেন— ইজিবাইক চালক রাব্বি (২২), মিঠুন সাহা (৩৫), মজনু (৪০) ও রাজিব (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে লালপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঈশ্বরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দমড়েমুচড়ে যায়।

আরও জানা যায়, এ সময় অটোরিকশার এক যাত্রীর  ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে গুরুতর অবস্থায় ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

লালপুর থানার ওসি মজিবর রহমান বলেছেন, নিহতদের মধ্যে একজনের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

    শেয়ার করুন: