চোর সন্দেহে রাতভর মারধর, সকালে মিলল তরুণের মরদেহ

মরদেহ উদ্ধারের সময় ওই এলাকায় পুলিশ ও স্থানীয়রা। ছবি: আগামীর সময়
জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরেক ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম মো. বাদশা (২৫)। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের নলপুকুর গুচ্ছগ্রামের মো. জামালের ছেলে। আহত তরুণ হলেন, মাজেদুল ইসলাম (১৯)। তার বাড়ি একই গ্রামে।
দুপুর ১২টার দিকে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত অভিযুক্তদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, আজ শনিবার ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় তাদের পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেন।
তাদের অভিযোগ, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জামালগঞ্জের একটি ফিলিং স্টেশনে চুরি বা অবৈধ প্রবেশের সন্দেহে স্থানীয় কয়েকজন তাদের মারধর করেন। একপর্যায়ে একটি পোল্ট্রি খামারে নিয়ে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের পর তারা মারাত্মক অসুস্থ হয়ে পড়েন। তখন অভিযুক্তরা তাদের ক্ষেতলালের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় ফেলে রেখে যান।
আহত মাজেদুল বলেছেন, ‘চুরি করার বিষয়টি বারবার অস্বীকার করার পরেও মারধর করা হয় ও অপরাধ স্বীকার করতে চাপ দেওয়া হয়। একপর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং ভোরে জ্ঞান ফিরলে পাশে বাদশার নিথর দেহ পড়ে থাকতে দেখি।’
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল আলমের ভাষ্য, মাজেদুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।







