পটুয়াখালীতে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ

নিখোঁজ শিশু রায়হান। সংগৃহীত ছবি
পটুয়াখালীর কলাপাড়ায় নিজ ঘরে বাবার সঙ্গে ঘুমিয়ে থাকা অবস্থায় ১০ মাস বয়সী রায়হান নামের এক শিশু নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু রায়হান ওই গ্রামের রাসেল খানের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে রাসেল তার শিশুসন্তানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমা বেগম ঘরের বাইরে ঝাড়ু দেওয়া, মোছা ও লেপার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর ঘরে ফিরে সন্তানকে দেখতে না পেয়ে তিনি স্বামীকে ডেকে তোলেন। পরে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।
একপর্যায়ে শিশুটিকে খুঁজতে পুকুরের পানি সেচে ফেলা হয় এবং মাইকিং করে আশপাশের এলাকায় খোঁজ চালানো হয়।
কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।




