নাফ নদী থেকে মাথায় গুলিবিদ্ধ অজ্ঞাত মরদেহ উদ্ধার

নাফ নদী
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে একটি নৌকা থেকে মাথায় গুলিবিদ্ধ এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার জাদিমুরা এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির মাথার ডান পাশে গুলির চিহ্ন রয়েছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
তিনি বলেন, ‘ওই ব্যক্তির মাথার ডান পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজারে পাঠানো হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।’
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে জাদিমুরা এলাকায় নাফ নদীতে একটি নৌকার ওপর মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) হেলাল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দা এরশাদ জানালেন, গত রাতে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির শব্দ শুনেছেন তারা। রাতভর গোলাগুলির শব্দ শোনা গেছে। তার ধারণা, ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নৌকায় করে বাংলাদেশে এসে থাকতে পারেন। সকালে নৌকায় মরদেহটি দেখতে পেয়ে তিনি পুলিশকে খবর দেন।



