শেরপুরে ১৭৬ মণ্ডপে হবে দুর্গাপূজা

পূজা উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন। ছবি: আগামীর সময়
চলতি বছর শেরপুর জেলায় ১৭৬টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে শেরপুরে প্রস্তুতিমূলক সভা করেছে জেলা প্রশাসন।
সভায় জানানো হয়, শেরপুরের ঐতিহ্য হচ্ছে, সব ধর্মের লোকের সহায়তায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এ বছরও জেলায় দুর্গাপূজা সম্পন্ন করতে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল রবিবার আয়োজিত এ সভায় পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, ৩৯ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক, এসআরবির কমান্ডিং অফিসার মেজর লাবিদ, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ প্রমুখ।
সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ, জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ পূজাকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
বক্তারা জানিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষ প্রস্তুত রয়েছে।




