পেকুয়া
শখের মাছ চাষে শক্রতার বিষ, লাখ টাকার ক্ষতি

ছবি: আগামীর সময়
কক্সবাজারের পেকুয়ায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম বাইম্যাখালী গ্রামে পশু চিকিৎসক বেলাল উদ্দিনের পুকুরে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষীর দাবি, বিষ প্রয়োগের প্রায় ১ লাখ টাকার মাছ মারা গেছে।
পশু চিকিৎসক বেলাল উদ্দিন ব্যাখ্যা করেন, দীর্ঘদিন শখ ছিল, পুকুরে মাছচাষ করব। সেই পরিকল্পনা নিয়ে পুকুরে মাছচাষের জন্য পুকুর প্রস্তুত করি। তারপর বিভিন্ন প্রজাতির মাছের পোনা সংগ্রহ করে পুকুরে ছাড়া হয়। তার পুকুরে কাতলা, রুই, তেলাপিয়া, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির মাছ বড় হচ্ছিল।
বেলাল উদ্দিন জানিয়েছেন, শখের বশেই পুকুরে মাছ চাষ করেছিলাম, তাই খুবই যত্ন করে লালন-পালন করছিলাম। মাছগুলো বড় হয়ে বিক্রির উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু শুক্রবার রাতে পূর্ব শক্রতা-বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে। বিষ প্রয়োগ করার কারণে শনিবার সকাল থেকে মরা মাছ ভেসে উঠছিল।
বেলাল উদ্দিন অভিযোগ করেন, কিছুদিন আছে স্থানীয় মদন আলীর ছেলে শাহালম হুমকি দিয়েছিল। এ ঘটনার কারণে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা, সন্দেহের বাহিরে রাখছি না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েনে তিনি।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানালেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




