‘পদ্মার টাটকা ইলিশ’ বিক্রির নামে টাকা হাতিয়ে নিতেন তারা

গ্রেপ্তার হওয়া প্রতারক চক্রের সদস্য সজল শেখ ও হেলাল উদ্দিন কাজী
ফেসবুকে পেজ খুলে বিভিন্ন পণ্যের ভুয়া বিজ্ঞাপন দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়রিয়া পোলের বাজার এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-খড়রিয়া পূর্বপাড়ার সজল শেখ (২১) এবং হেলাল উদ্দিন কাজী (৪২)। গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সজল শেখ ও হেলাল উদ্দিন কাজীসহ তাদের লোকজন ফেসবুক ছাড়াও অনলাইনের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন, কম দামে পণ্য সরবরাহ এবং চাকরির প্রলোভন দিয়ে গ্রাহকদের ঠকিয়ে আসছেন। বিজ্ঞাপন দিয়ে অপকৌশলে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিতেন তারা।
‘মাই মোবাইল শপ’, ‘পদ্মার টাটকা ইলিশ’, ‘কলম প্যাকেজিং জব’, ‘শামীম ইলেকট্রনিক ফ্যান’, ‘রাজ ইলেকট্রনিক ফ্যান’ ও ‘ইউন্টার গ্যালারি বিডি’সহ বিভিন্ন নামে ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন তারা।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, সজল ও হেলাল উদ্দিনের নামে মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে জব্দকৃত দুটি স্মার্ট ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আরও ১০ জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



