আগামীর সময়

কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

কারাগারে গলায় ফাঁস দিয়ে হাজতির মৃত্যু

ফাইল ছবি

কুষ্টিয়া জেলা কারাগারে বিদ্যুৎ আলী (২৭) নামে মাদক মামলার এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের চাঁদ্দু আলীর ছেলে।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে ঐ আসামি আত্মহত্যা করে বলে জানান কারাগার কর্তৃপক্ষ।

কুষ্টিয়ার জেল সুপার শরিফুল আলম বলেন, মাদক মামলায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কুষ্টিয়া জেলা কারাগারে আসেন। মামলায় তিনি বিচারাধীন আসামি ছিলেন। তার মানসিক সমস্যা ছিল। সে জন্য তাকে জেলা কারাগারের হাসপাতালে ভর্তি রাখা হয়। আজ ভোরে কারাগারের হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম জানান, হাসপাতালে নেওয়ার আগেই বিদ্যুৎ নামের এক হাজতির মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে আছে। কিছু সময়ের মধ্যে তার ময়নাতদন্ত করা হবে।

    শেয়ার করুন: