দশমিনা
শেখ হাসিনার জন্মদিন পালনের প্রস্তুতিকালে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইদ্রিস আহমেদ ভূঁইয়া
পটুয়াখালীর দশমিনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালনের প্রস্তুতিকালে আওয়ামী লীগ নেতা ইদ্রিস আহমেদ ভূঁইয়াকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল রবিবার রাতে বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজারে ইদ্রিস ভূঁইয়ার বাসভবনে এ ঘটনা ঘটে।
দশমিনা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল বড় গোপালদী বাজারে যায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, ইদ্রিস ভূঁইয়ার বাসভবনে তৃণমূল আওয়ামী লীগ কার্যালয়ে শেখ হাসিনার ৮০তম জন্মদিন পালনের প্রস্তুতি চলছে। পুলিশ সেখানে অভিযান চালালে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে ঘটনাস্থল থেকে শেখ হাসিনার জন্মদিন ও দোয়া মাহফিলের একটি ব্যানার জব্দ করে পুলিশ।
দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমের অভিযোগে প্রধান আসামি ইদ্রিস ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।




