রায়পুরায় ৩ বিদেশি পিস্তলসহ তিনজন আটক

অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমানের সংবাদ সম্মেলন
নরসিংদীর রায়পুরায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলিসহ অপরাধ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকালে রায়পুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশের একাধিক দল উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ইসমাইল মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এর আগে গত ১৮ অক্টোবর উপজেলার উত্তর বাখনগর ইউনিয়নে অভিযান চালিয়ে জুম্মান ও বিজয় নামের আরও দুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে আরেকটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ মুন্সুর, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান এবং পরিদর্শক (তদন্ত) টিএম ফরিদুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান আরও জানান, এলাকায় অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ, আধিপত্য বিস্তার রোধ এবং অপরাধ দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



