ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছোট্ট ২ বোনের

গ্রাফিকস: আগামীর সময়
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বোনের নাম ফাতেমা মোছা. আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫)। উপজেলার কাতলামারী গ্রামের শাহাবুদ্দিন মিয়ার মেয়ে তারা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিজ বাড়িতে নতুন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেছেন শাহাবুদ্দিন। ওই ঘরে কাজের জন্য পুরনো ঘর থেকে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। সেই তারে লিকেজ থাকায় স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়ে পড়ে। ওই সময় দুই বোন একই ঘরে ছিল। দরজা খুলে বাইরে বের হওয়ার সময় দুই বোন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তাদের মা-বাবা বাড়ির বাইরে ছিলেন।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বললেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



