জুলাইয়ের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জেলা পরিষদ প্রশাসকের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। ছবি: আগামীর সময়
জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গতকাল বুধবার সিলেট নগরীর জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামীম বলেছেন, ‘জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার প্রতিফলন। এই চেতনাকে ধারণ করে একটি মানবিক, সমৃদ্ধ ও সকলের অংশগ্রহণমূলক বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি জানান, মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্বপ্ন, আদর্শ ও প্রত্যাশা পূরণ করাই আমাদের দায়িত্ব। সেই লক্ষ্য বাস্তবায়নে ঐক্য, সহমর্মিতা ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যেতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, প্রশাসকের একান্ত সচিব আমিন উদ্দিন আহমেদসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।







