ছুরি ধরে সিকিউরিটি গার্ডকে হত্যাচেষ্টা, ‘রোগী ধরার দালাল’ গ্রেপ্তার

গ্রেপ্তার আরিফুল ইসলাম আরিফ— সংগৃহীত
রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে মারধর ও ছুরি ধরে হত্যার হুমকির ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফুল ইসলাম আরিফ (৩৭)। তিনি রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত বলে অভিযোগ।
আজ শুক্রবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, ভুক্তভোগী মো. সাব্বির হোসেন (২৬) লক্ষ্মীপুর মোড়ের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরোনো ভবনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত।
গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালনকালে সাব্বির হ্যান্ডমাইকে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছিলেন। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী তিনি রোগী ধরার দালাল, চোর, পকেটমার ও প্রতারকদের বিষয়ে সেবাপ্রত্যাশীদের সতর্ক করছিলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে।
তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেন। পরে ভুক্তভোগী সাব্বির হোসেন তার কর্মস্থলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গত বৃহস্পতিবার রাতে রাজপাড়া থানায় মামলা করেন।
মামলা পাওয়ার পরপরই অভিযান শুরু করে পুলিশ। মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেছেন, ‘গ্রেপ্তার আসামির হেফাজত থেকে দেশীয় অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’







