কিশোরগঞ্জ
মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

গ্রাফিকস: আগামীর সময়
কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরতে গিয়ে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বুধবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত অরুণ ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটির কানু দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা সৌরভ দাস জানান, গত সোমবার দুপুরে শিলুন্দিয়া গ্রামের পূর্বদিকে ধনু নদীতে একটি ছোট নৌকায় বসে মাছ ধরছিলেন অরুণ ও তার বড় ভাই সাগর দাস। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে যাওয়া একটি বাল্কহেড তাদের নৌকাটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। সাগর সাঁতরে তীরে উঠতে পারলেও অরুণ নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। আজ সকালে নতুন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং এতে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।




