দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কায় বিচারকের মৃত্যু

জামালপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেট কারের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চালক। ছবি: আগামীর সময়
জামালপুর সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে প্রাইভেট কারের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
আজ সোমবার ভোরে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহিড়িকান্দি বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এম সামিউল হক (২৭)। তিনি নেত্রকোনা সদর উপজেলার এ কে এম ফজলুল হকের ছেলে। সামিউল জামালপুর জেলা দায়রা ও জজ আদালতের সিভিল জজ ছিলেন। আহত প্রাইভেট কারচালকের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ভোরে জামালপুরগামী একটি প্রাইভেট কার লাহিড়িকান্দি বাজার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা সামিউল ঘটনাস্থলেই মারা যান। আহত ব্যক্তিকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিবের ভাষ্য, মরদেহ স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।





