টঙ্গীর ঘটনায় আদালতে সেই শিশুর জবানবন্দি

অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আগামীর সময়
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী মাদ্রাসাছাত্রীকে অনৈতিক স্পর্শ করার অভিযোগে করা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে শিশুটি। গত বুধবার (২২ অক্টোবর) গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের সামনে ঘটনার বর্ণনা দেয় বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন, আদালত ভুক্তভোগী শিশুটির জবানবন্দি রেকর্ড করেছেন। জবানবন্দিতে অভিযুক্ত শিক্ষক উপাধ্যক্ষ মো. মোসলেম উদ্দিন তাকে চুমু দিয়েছেন এবং শরীরের বিভিন্ন স্থানে অনৈতিকভাবে স্পর্শ করেছেন বলে জানিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেছেন, আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দি নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, গত বুধবার (২১ অক্টোবর) টঙ্গীর কারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে সাত বছর বয়সী ওই শিক্ষার্থীকে অনৈতিকভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা শাহজালাল রুমি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পরে তিনি বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলা হয়েছে। শিশুটির বাবার করা মামলার পাশাপাশি মাদ্রাসার অধ্যক্ষ বাদী হয়ে শাহজালাল রুমির বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন।




