মাদারীপুরে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে গিয়ে মোবাইল চুরি

অভিযুক্ত মোবাইল চোর হাসিবুল খাঁ
মাদারীপুরের রাজৈরে মাদ্রাসার জন্য সাহায্য চাইতে গিয়ে আত্মীয়ের বাড়ি থেকে মুঠোফোন চুরির অভিযোগ উঠেছে হাসিবুল খাঁ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। কয়েক দিন পর সেই ব্যক্তিকে স্থানীয় টেকেরহাট বাজারে দেখে ধাওয়া করেন বাড়ির মালিক মেরজন শেখ। এ সময় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকালের ঘটনা এটি।
নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মিলন শেখের ছেলে। মোবাইল চুরির অভিযোগে আটক হাসিবুল খাঁ একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দ্বারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ অক্টোবর মাদ্রাসার জন্য সাহায্য চাইতে মেরজন শেখের বাড়িতে যান হাসিবুল খাঁ। এ সময় সুযোগ বুঝে ঘর থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন চুরি করে নিয়ে যান। শনিবার সকালে টেকেরহাট বাজারে হাসিবুলকে দেখতে পেয়ে তাকে ধাওয়া করেন মেরজন। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে স্থানীয় লোকজন হাসিবুলকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
রাজৈর থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, আত্মীয়তার সূত্র ধরে চার-পাঁচ দিন আগে মেরজনের বাড়িতে বেড়াতে এসেছিলেন হাসিবুল। পরে বাড়ি থেকে যাওয়ার সময় তিনি মুঠোফোনটি চুরি করে নিয়ে যান বলে অভিযোগ। শনিবার বাজারে হাসিবুলকে দেখে মুঠোফোন চুরির বিষয়ে জানতে চাইলে তিনি দৌড় দেন। এ সময় মেরজন অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চান না। তবে চুরির অভিযোগে হাসিবুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



