মুকসুদপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

গ্রাফিকস: আগামীর সময়
গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার রিশাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিপন উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।
স্থানীয়দের বরাতে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সকালে বাইসাইকেলে করে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন রিপন। এ সময় উল্টোদিক থেকে আসা ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি আব্দুল্লাহ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




