সিলামে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত

সিলামে দুপক্ষের সংঘর্ষ
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় দুপক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) বাদ জুমা সিলাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত রাসেল ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পূর্ববিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় রাসেল গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালটিতে রয়েছে।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান।
তিনি বলেছেন, ‘ঘটনাস্থলটি মোগলাবাজার থানাধীন। তাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আইনশৃঙ্খলার স্বার্থে আমাদেরও একটি টিম সেখানে যাচ্ছে। বিস্তারিত জেনে পরে বলা যাবে।’
এদিকে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদুল হক ভূইয়া ঘটনাস্থলে থাকার কথা জানিয়ে বলেছেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। ঝামেলার মধ্যে আছি। পরে বিস্তারিত বলতে পারব।’
উল্লেখ্য, এর আগে গত আগস্ট মাসে সিলাম চকের বাজারে মাজার ও মসজিদের ওয়াকফ এস্টেটের নিয়ন্ত্রণ এবং দানবাক্সের টাকা নিয়ে শেখ গোষ্ঠী ও শাহ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।



