মুন্সিগঞ্জে ওভারটেক করতে গিয়ে বাস খাদে, নিহত ৩

শ্রীনগরে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। ছবি: আগামীর সময়
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস খাদে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৬ জন।
আজ শনিবার রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন, রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তার বাড়ি চুয়াডাঙ্গায়।
বাকি দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। এতে তিনজনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল জানিয়েছেন, খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহত ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এ ছাড়া পাঁচজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।




