গোপালগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
গোপালগঞ্জ প্রতিনিধি

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত। ছবি: আগামীর সময়
গোপালগঞ্জের কাশিয়ানীতে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘচে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায়।
তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানিয়েছেন, ওই দম্পতি একটি বাসে ঢাকা থেকে এসে মাঝিগাতি বাসস্ট্যান্ডে নামেন। পরে মহাসড়ক পার হয়ে অন্যপাশে যাওয়ার সময় আরেকটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।




