সোনারগাঁও
স্কুল ফাঁকি দিয়ে গোসল করতে মেঘনায়, দুই শিক্ষার্থীর মৃত্যু

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ বুধবার দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় চার ঘণ্টা পর বিকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত দুজন হলো- ঢাকার কদমতলীর শনিরআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ হোসেন (১৫) এবং দনিয়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে কায়েস ভূঁইয়া (১৩)।
মেরাজ রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির এবং কায়েস একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্র ও সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাত বন্ধু মিলে স্কুল ফাঁকি দিয়ে বুধবার দুপুরে সোনারগাঁওয়ে ঘুরতে আসে। পরে তারা মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে প্রবল স্রোতে মেরাজ ও কায়েস তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য বন্ধুরা তাদের উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অনুসন্ধানের পর বিকালে প্রথমে মেরাজের এবং পরে কায়েসের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতদের স্বজনেরা জানান, পরিবারের কাউকে না জানিয়ে তারা বন্ধুদের সঙ্গে সোনারগাঁওয়ে বেড়াতে এসেছিল। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তারা জানতে পারেন, দুই শিক্ষার্থী নদীতে ডুবে গেছে। তাদের দাবি, নিহতদের কেউই সাঁতার জানত না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২-এর উপপরিচালক মো. ওসমান গনি জানালেন, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমানের ভাষ্য, উদ্ধার অভিযান শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।




