কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৫১৯

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার ১৮ থানা এলাকায় অষ্টম দফায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে ৫১৯ জনকে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার মাগরিবের পর থেকে গভীররাত পর্যন্ত কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
তিনি জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে এবং জেলার প্রত্যেকটি থানা এলাকার যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেই সব স্থানে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। আটকদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উঠতি বয়সি কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এ বিষয়েও কঠোর মনিটরিং করা হচ্ছে।




