সিলেটে হামে একদিনে আরও ২ শিশুর মৃত্যু

গ্রাফিকস: আগামীর সময়
সিলেট বিভাগে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জনে।
একই সময়ে নতুন করে ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭০৬ জন।
আজ সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত দৈনিক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে ২৫৪ জন চিকিৎসাধীন রয়েছেন।
সর্বশেষ মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। একজন জগন্নাথপুর উপজেলার, বয়স ছয় মাস পাঁচ দিন। অন্যজন সুনামগঞ্জ সদর উপজেলার, বয়স ছয় মাস। তারা দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সুনামগঞ্জে সর্বোচ্চ ৩৪৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সিলেটে আক্রান্ত হয়েছেন ২৩৫ জন, হবিগঞ্জে ৬৭ জন এবং মৌলভীবাজারে ৬১ জন। হবিগঞ্জের দুই রোগীর শরীরে রুবেলাও শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯৩ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৭ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ২৫৪ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০২ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে ১১০ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন আরও ৬ জন। সব মিলিয়ে সিলেট বিভাগে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জনে। এর মধ্যে সুনামগঞ্জে ৫১ জন, সিলেটে ৪০ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১২ জনের মৃত্যু হয়েছে।







