শ্যামনগরের ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

মেহেদী হাসান
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ আসামি মেহেদী হাসানকে (৩৭) ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩।
গত সোমবার দুপুরের দিকে এসআরবির একটি আভিযানিক দল তাকে আটক করে। মেহেদী শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামের এবাদুল হকের ছেলে। তিনি সিআর ৫৬৭/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।
পুলিশ জানিয়েছে, সুন্দরবনে দস্যুতা, চাঁদাবাজিসহ এক ডজনের বেশি মামলার আসামি মেহেদী। পুলিশ সদর দপ্তরে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার নামে বাণিজ্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়াও ২০২৪ সালের ৫ আগস্ট শ্যামনগর থানায় অগ্নিসংযোগ, লুটপাট ও থানার অস্ত্রাগার লুটের ঘটনায়ও তার সম্পৃক্ততার অভিযোগ আছে। এ ছাড়া সুন্দরবনে নিষিদ্ধ পশু শিকার ও তার অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির অভিযোগ রয়েছে ‘আলিম বাহিনী’র এ সদস্যের বিরুদ্ধে।
এর আগে মেহেদীর গ্রেপ্তারের দাবিতে গত ২ অক্টোবর সুন্দরবন–তীরবর্তী গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর মানববন্ধন করেন তিন শতাধিক বনজীবী।
অভিযোগ আছে, পরিবর্তিত পরিস্থিতিতে ‘সাতক্ষীরা দিগন্ত’ নামে একটি অনলাইন পোর্টাল খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করতেন তিনি।
মেহেদীকে গ্রেপ্তারের বিষয়ে শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী জানিয়েছেন, মেহেদী থানা পুলিশের তালিকায় মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন। সুন্দরবন ও ঢাকায় অবস্থান করে তিনি নানা অপরাধমূলক তৎপরতা চালাতেন। এসআরবি সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে শ্যামনগর থানায় নেওয়ার পর কারাগারে পাঠানো হয়েছে।
তবে মেহেদীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে তার পরিবারের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি।



