সিমেন্ট নিয়ে মায়ানমার যাত্রা, কোস্টগার্ডের অভিযানে আটক ১০
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম

সংগৃহীত ছবি
চট্টগ্রামের গভীর সাগরে একটি মাছ ধরার ট্রলার থেকে ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড।
এ ঘটনায় ট্রলারটির ১০ মাঝিমাল্লাকে করা হয়েছে আটক। কোস্টগার্ডের দাবি, মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল সিমেন্টগুলো।
শনিবার গভীর রাতে চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ট্রলারটি। অভিযানের সময় ট্রলার থেকে জব্দ করা হয় ১৬২ বস্তা সিমেন্ট।
পূর্বাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, আটক ১০ জন ট্রলারের মাঝিমাল্লা হলেও তারা সাগরপথে পণ্য পাচারের সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ানমারে সিমেন্ট পাচারের তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, জব্দ করা সিমেন্ট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার চলছে প্রক্রিয়া।


