হুতিদের অগ্রযাত্রায় জিবুতিতে পালালেন দুই হাজারের বেশি ইয়েমেনি

হুতিদের অগ্রযাত্রা ও সংঘাত তীব্র হওয়ায় দেশ ছাড়ছেন ইয়েমেনিরা। ছবি: সংগৃহীত
পশ্চিম ইয়েমেনে হুতিদের অগ্রযাত্রা ও সংঘাত তীব্র হওয়ায় এক দিনে দুই হাজারের বেশি ইয়েমেনি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন জিবুতিতে। একই সময়ে লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগকারী কৌশলগত নৌপথ বাব আল-মানদাব প্রণালি ঘিরে নতুন করে নিরাপত্তা ও বাণিজ্যিক উদ্বেগ দেখা দিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম ইয়েমেনে লড়াই তীব্র হওয়ার পর ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি মানুষ লোহিত সাগর পাড়ি দিয়ে জিবুতির ওবক এলাকায় পৌঁছেছেন। সংঘাতের কারণে ইয়েমেনের ভেতরেও বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
এদিকে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদাব প্রণালি ঘিরে হুতিদের তৎপরতা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। মখা বন্দরনগরী ও এর কাছের মায়ুন বা পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই এলাকায় হুতিদের অবস্থান আরও শক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বাব আল-মানদাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ। এ পথে জ্বালানি ও বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। ফলে নৌ চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটলে আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে।
হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে ইয়েমেনের সরকারি বাহিনী ও তাদের মিত্ররা পাল্টা সামরিক তৎপরতা চালাচ্ছে। এতে দীর্ঘদিনের ইয়েমেন সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নতুন করে ইয়েমেনিদের দেশ ছাড়ার ঘটনায় দেশটির মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে বাব আল-মানদাব ঘিরে সামরিক উত্তেজনা বাড়ায় লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক নৌ-বাণিজ্য নিয়েও বাড়ছে উদ্বেগ।




