ইরানের হামলায় ৬৫০ মার্কিন সেনা হতাহত, দাবি আইআরজিসির

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনি।
ইরানের প্রতিশোধমূলক অভিযানের প্রথম দুই দিনে ৬৫০ জনের বেশি মার্কিন সেনাসদস্য হতাহত হয়েছেন বলে মঙ্গলবার দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। দেশটির বার্তা সংস্থা তাসনীম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাঈনির ভাষ্য অনুযায়ী, বাহরাইনে মার্কিন নৌসম্পদ ও সামরিক সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলাসহ বিভিন্ন আঘাতের মাধ্যমে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে ইরানের উপকূলীয় জলসীমা থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে।
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ইরানি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে বলেও দাবি করেন তিনি।
জেনারেল নাঈনি বলেছেন, ‘যুদ্ধের প্রথম দুই দিনে ৬৫০ জন মার্কিন সেনা হতাহত হয়েছে। মার্কিনিদের পক্ষে এসব হতাহতের ঘটনা অস্বীকার বা গোপন করা স্বাভাবিক।’
তবে তিনি জোর দিয়ে উল্লেখ করেছেন, ইরানি গোয়েন্দা তথ্য ও যুদ্ধক্ষেত্রের প্রতিবেদন এই ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে।
তার ভাষ্য মতে, বাহরাইনে একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানার ফলে ১৬০ জন মার্কিন সেনাসদস্য হতাহত হন।
আইআরজিসির মুখপাত্র আরো জানিয়েছেন, ইরানের নৌবাহিনী দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহারের উপকূল থেকে আনুমানিক ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
হামলার পর বিমানবাহী রণতরীটি ‘দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরের দিকে সরে যায়’ বলে তিনি দাবি করেছেন।

