আগামীর সময়

রমজানে কর্মসূচি না দেওয়ার আহ্বান কারাবন্দি পিটিআই ৫ নেতার

রমজানে কর্মসূচি না দেওয়ার আহ্বান কারাবন্দি পিটিআই ৫ নেতার

পবিত্র রমজান উপলক্ষ্যে নেতাকর্মীদের সব ধরনের প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কারাবন্দি সিনিয়র পাঁচ নেতা।

শুক্রবার কোট লাখপত কারাগার থেকে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। এসময় তারা দলকে দ্রুত সংসদীয় রাজনীতির দিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন নেতাকর্মীদের। খবর জিউ নিউজের।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন— পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি, ড. ইয়াসমিন রশিদ, এজাজ আহমেদ চৌধুরী, উমর সরফরাজ চিমা ও মিয়া মাহমুদ রশিদ।

এতে তারা উল্লেখ করেন— পবিত্র মাসের পবিত্রতার কথা বিবেচনা করে, সব ধরনের প্রতিবাদ আন্দোলন স্থগিত করা উচিত।

এদিকে ইমরান খানের স্বাস্থ্য ইস্যুতে সরকার এবং বিরোধী দল, পিটিআই এবং তেহরিক তাহাফুজ-ই-আইয়ীন পাকিস্তান (টিটিএপি) এর মধ্যে বিতর্ক জন্ম দিয়েছে। বিশেষ করে তার আইনজীবী এবং সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি ব্যারিস্টার সালমান সফদারের দাখিল করা একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে— সেখানে পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও) নামে পরিচিত একটি গুরুতর চোখের রোগ ধরা পড়েছে।

এর আগে গত রোববার ইমরান খানের চোখের অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছিল আদিয়ালা কারাগারে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল। ইমরান খানের চিকিৎসা শেষে এ তথ্য জানান।

চিকিৎসকের বরাত দিয়ে জিও নিউজ জানায়— প্রায় এক ঘণ্টা ধরে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়সীমা মেনে এ স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আজ ১৬ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্য পরীক্ষার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে হবে।

    শেয়ার করুন: