ইরান যুদ্ধই মুখ্য, আমেরিকানদের আর্থিক অবস্থা নয় : ট্রাম্প

চীনে রওনা হওয়ার আগে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি : এএফপি]
আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার কাছে অগ্রাধিকার।
ডোনাল্ড ট্রাম্প এমন সময় এ মন্তব্যটি করলেন, যখন ইরান যুদ্ধের কারণে আমেরিকায় নিত্যপণ্যের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে।
চীন সফরের জন্য বিমানে রওনা হওয়ার আগে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের বাইরে গণমাধ্যমের সঙ্গে এসব কথা বলেছেন ট্রাম্প।
ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে তিনি আমেরিকানদের আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না। কারণ তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখাই তার কাছে অগ্রাধিকার পাচ্ছে।
একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করেন, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি তেহরানের সঙ্গে চুক্তি করতে তাকে কতটা প্রভাবিত করছে। তখন তিনি উত্তর দেন, একদমই না।
ট্রাম্প স্পষ্ট করেন, ইরানের ক্ষেত্রে আমার কাছে একটাই বিষয় গুরুত্বপূর্ণ, তাদের পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।
আরেকজন সাংবাদিক তাকে আরও চাপ দিয়ে জানতে চান, ট্রাম্প আমেরিকানদের ওপর যুদ্ধের আর্থিক প্রভাব বিবেচনা করছেন কি না। জবাবে তিনি বলেন, প্রত্যেক আমেরিকানই বোঝে যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকাটা উচিত নয়।
ইরানের বিরুদ্ধে যুদ্ধের কারণে আমেরিকায় খাদ্য ও জ্বালানির দাম বেড়েছে, যা দেশজুড়ে আমেরিকানদের দৈনন্দিন জীবনকে ক্রমশ কঠিন করে তুলছে।
সুত্র: আলজাজিরা




