সাবেক সিআইএ পরিচালক
ইরানের স্কুলে হামলায় সম্ভবত যুক্তরাষ্ট্রই দায়ী

সংগৃহীত ছবি
ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী— এমনটা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) সাবেক পরিচালক জেনারেল ডেভিড পেট্রাউস। যুদ্ধ শুরুর প্রথম দিনেই বিদ্যালয়টিতে চালানো হামলায় দেড় শতাধিক শিশু নিহত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এই হামলায় যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়ে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর সাবেক কমান্ডার পেট্রাউসকে প্রশ্ন করা হয়। তিনি জানান, এই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট প্রামাণাদি সরাসরি দেখেননি তবুও তাঁর বিশ্বাস হামলায় সম্ভবত যুক্তরাষ্ট্রই জড়িত। তিনি বলছিলেন, দুঃখজনকভাবে, সম্ভবত আমরাই ছিলাম; এই যুদ্ধে জড়িতদের মধ্যে টমাহক ক্ষেপণাস্ত্রের মালিক একমাত্র আমরাই ছিলাম।
তিনি আরও বলছেন, আর মনে হচ্ছে কিছু বছর আগে এই ভবনটি একটি বৃহত্তর ইরানি নৌ-কম্পাউন্ডের অংশ ছিল, এমন পুরনো তথ্য থাকতে পারে।
এদিকে মার্কিন গণমাধ্যম সিবিএসের তদন্ত বলছে, প্রাথমিক তদন্ত এমন ইঙ্গিত দিচ্ছে যে এই হামলার পেছনে যুক্তরাষ্ট্র দায়ী।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলা শুরুর পরপরই মিনাব শহরের শাজেরেহ তৈয়্যেবাহ প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিদ্যালয়টির প্রায় অর্ধেক অংশ ধ্বংস হয়ে যায়। তাতে নিহত হয় ১৬৮ জন, যাদের বেশির ভাগই প্রাতঃকালীন ক্লাসে উপস্থিত ৭ থেকে ১২ বছর বয়সী শিশু।

