যুক্তরাষ্ট্রে প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলা, নিহত ৪

ছবি: রয়টার্স
যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যে একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ চারজন নিহত হয়েছেন। পরে স্থানীয় এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন হামলাকারীও।
পুলিশ জানায়, ১৬ বছর বয়সী ওই হামলাকারী সিলভার রেইল এলিমেন্টারি স্কুলের তালাবদ্ধ দরজায় গুলি করে ভেতরে ঢোকে। সন্দেহভাজনের বয়স ছাড়া এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ জানান, নিহত তিন শিশুর বয়স ছিল ৫, ৮ ও ১১ বছর। নিহত অন্যজন বিদ্যালয়ের একজন শিক্ষক। এ ছাড়া ৭ বছর বয়সী এক শিক্ষার্থী এবং ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্থানীয় কমিউনিটির সশস্ত্র ওই সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ওরেগনের গভর্নর টিনা কোটেক। তিনি বলেছেন, ‘ওই ব্যক্তি বীরত্বের সঙ্গে হস্তক্ষেপ করে আরও প্রাণহানি ঠেকিয়েছেন।’
সিলভার রেইল এলিমেন্টারি স্কুলে কিন্ডারগার্টেন থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। শিক্ষার্থীদের বয়স সাধারণত ৫ থেকে ১১ বছরের মধ্যে। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ শিক্ষার্থী ও ৪০ জন কর্মী রয়েছেন।
যুক্তরাষ্ট্রে বিদ্যালয়ে বন্দুক হামলা একটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর মধ্যে ১৯৯৯ সালে কলাম্বাইন হাইস্কুল, ২০১২ সালে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুল, ২০১৮ সালে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুল এবং ২০২২ সালে টেক্সাসের ইউভালডে শহরের রব এলিমেন্টারি স্কুলে বড় ধরনের হামলা হয়।
প্রতিটি হামলার পর দেশটিতে অস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে অস্ত্র রাখার অধিকার সুরক্ষিত রয়েছে। অস্ত্র রাখার অধিকারের পক্ষে থাকা ব্যক্তিরা আত্মরক্ষার উপায় হিসেবে শিক্ষকদের অস্ত্র দেওয়ার পক্ষে যুক্তি দিয়ে আসছেন।
সূত্র: রয়টার্স



