পাকিস্তানের মসজিদে বিস্ফোরণ: নিহত ৩১, আহত ১৬৯

ফাইল ছবি
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।
রাজধানীর তারলাই এলাকায় অবস্থিত মসজিদটির ভেতর ও আশপাশের দৃশ্য ছিল অত্যন্ত হৃদয়বিদারক। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা যায়, কাঁচের টুকরা ও ধ্বংসস্তূপের মাঝে রক্তাক্ত মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। আতঙ্কে মুসল্লিরা ছোটাছুটি করছেন। মসজিদের বাইরের বাগান এলাকাতেও বেশ কয়েকজন আহত মানুষকে পড়ে থাকতে দেখা যায়, যারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।
ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃতি এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থলে পাওয়া কিছু আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে।
বিস্ফোরণের পরপরই জেলা প্রশাসন মসজিদ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যাতায়াত বন্ধ করে দেয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে রক্তদানের জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, এমন একটি সময়েই রাজধানীতে এই ভয়াবহ হামলার ঘটনা ঘটল, যখন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন।

